প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
সড়কের বেহাল দশা: বাড়িতে নেওয়া গেল না প্রবাসীর স্ত্রীর মরদেহ
মো:আলামিন, নিজস্ব প্রতিনিধি ||
সড়কের বেহাল দশা: বাড়িতে নেওয়া গেল না প্রবাসীর স্ত্রীর মরদেহ ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সড়কের চরম বেহাল দশার কারণে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ নিজ বাড়িতে নেওয়া সম্ভব হয়নি। সিঙ্গাপুর প্রবাসী জহুরুল ইসলামের স্ত্রী দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর গত ২৩ আগস্ট রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।স্বজন ও স্থানীয়দের অভিযোগ, এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে স্থানীয় পোল্ট্রি ফার্মের ভারী মালবাহী ট্রাক নিয়মিত চলাচল করায় সড়কের অবস্থা আরও নাজুক হয়েছে। মরহুমার মরদেহ হস্তান্তরের পর রাতে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে বাড়ির উদ্দেশ্যে নেওয়া হলেও বেহাল সড়কের কারণে সেটি স্বামীর বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি। পরে ‘বিএনপি বাজার’ সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্স থামিয়ে মরদেহ রাখতে বাধ্য হন স্বজনরা।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলছেন, একজন মৃত মানুষের মরদেহও যখন সড়কের কারণে নিজ বাড়িতে নেওয়া সম্ভব হয় না, তখন এলাকার মানুষের দুর্ভোগ কতটা চরম পর্যায়ে পৌঁছেছে তা সহজেই বোঝা যায়। তারা দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ধামরাই উপজেলা প্রশাসন, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
সম্পাদকঃ মোঃ সাব্বির মৃধা(বিবিএ অর্নাস)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রিপোর্টাস নিউজ