প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে জিম্মি করে ৭০ লাখ টাকা লুট
মো:আলামিন, নিজস্ব প্রতিনিধি ||
ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে জিম্মি করে ৭০ লাখ টাকা লুটঢাকার ধামরাইয়ে চীনা মালিকানাধীন একটি ব্যাটারি উৎপাদন কারখানায় ঢুকে এক চীনা কর্মকর্তাকে জিম্মি করে লকার থেকে প্রায় ৭০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় অবস্থিত জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লিমিটেডে এ ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষের দাবি, কয়েকজন মুখোশধারী ব্যক্তি কারখানার পেছনের একটি বাথরুমের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে রাতের দায়িত্বে থাকা কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার চীনা নাগরিক লি পেংগুইকে অস্ত্রের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে নেয় তারা।কারখানা সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে লি পেংগুই তার কক্ষে অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি বাথরুমের জানালা দিয়ে কক্ষে প্রবেশ করে তার গলায় ছুরি ধরে বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তারা তার হাত-পা রশি দিয়ে বেঁধে লকারের চাবি নিয়ে নেয়। পরে লকার খুলে সেখানে রাখা প্রায় ৭০ লাখ টাকা নিয়ে কারখানা থেকে বেরিয়ে যায়। লি পেংগুইয়ের ভাষ্য অনুযায়ী, হঠাৎ কয়েকজন ব্যক্তি তার কক্ষে ঢুকে তাকে ভয় দেখিয়ে লকারের চাবি দিতে বাধ্য করেন। পরে তাকে বেঁধে রেখে টাকা নিয়ে চলে যায়। কারখানার এক কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানের পেছনের অংশে সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল না।ঘটনার খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানাটি পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, রাত ১২টার পর বেলিশ্বরের একটি ব্যাটারি কারখানায় কয়েকজন ব্যক্তি প্রবেশ করে এক চীনা নাগরিককে বেঁধে টাকা নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ভুক্তভোগীর দাবি অনুযায়ী, লকারে থাকা প্রায় ৭০ লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে। ওসি জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত তা শনাক্তে তদন্ত চলছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লুট হওয়া টাকা উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ মোঃ সাব্বির মৃধা(বিবিএ অর্নাস)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রিপোর্টাস নিউজ